পৃথিবীর গোলাকৃতির স্বপক্ষে প্রমাণ দাও। Class 6 | Geography
পৃথিবীর গোলাকৃতির স্বপক্ষে প্রমাণ দাও। Class 6 | Geography
উত্তর: নিম্নলিখিত প্রমাণগুলির সাহায্যে পৃথিবীর আকার গোল তা বোঝা যায়-
[a] সমুদ্রগামী জাহাজ পর্যবেক্ষণ: কোনো জাহাজ যখন বন্দর থেকে সমুদ্রের দিকে যাত্রা শুরু করে তখন তীর থেকে লক্ষ করলে প্রথমে সমগ্র জাহাজ, তারপরে পাল, তারপর শুধু মাস্তুলের মাথাটুকু দেখা যায়। মনে হয় জাহাজটি যেন বাঁকানো ঢাল বেয়ে নীচে নেমে যায়। আসলে পৃথিবী গোল হওয়ায় এমনটি ঘটে।
[b] দিগন্তরেখার আকার: কোনো খোলা স্থান থেকে দিগন্তরেখার দিকে তাকালে তাকে গোলাকার দেখায়। যতই ওপরে ওঠা যায় দিগন্তরেখার পরিধিও ততই বাড়তে থাকে। পৃথিবী গোলাকার বলেই এই অবস্থা সৃষ্টি হয়।
[c] পৃথিবীর ছায়া পর্যবেক্ষণ: চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর যে ছায়া পড়ে তা গোলাকার হয়। কেবল গোলাকার বস্তুরই গোলাকার ছায়া হতে পারে। সুতরাং পৃথিবীর আকারও গোল, কারণ পৃথিবী অন্য আকারের হলে ছায়াও অন্য আকারের হত।
[d] সূর্যোদয়-সূর্যাস্ত: পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত ঘটে। যদি পৃথিবী সমতল হত তবে সর্বত্র একই সঙ্গে সূর্যোদয় ও সূর্যাস্ত হত। সুতরাং পৃথিবী গোল ।
[e] ম্যাগেলানের পৃথিবী পরিক্রমণ: পোর্তুগিজ ভূপর্যটক ম্যাগেলান ষোড়শ শতাব্দীতে স্পেন থেকে ক্রমাগত পশ্চিম দিকে যাত্রা করে তিন বছর পরে নিজ স্থানে ফিরে আসেন । পৃথিবী গোলাকার না হলে কোনোভাবেই ওই স্থানে ফিরে আসা সম্ভব হত না ৷
[f] প্রত্যক্ষ প্রমাণ: বর্তমানে মহাকাশ থেকে মহাকাশচারীরা স্বচক্ষে পৃথিবীর গোলাকৃতি প্রত্যক্ষ করেছেন। আবার কৃত্রিম উপগ্রহের দ্বারা সংগৃহীত পৃথিবীর গোলাকৃতি ছবি পাওয়া যায়।